জাপানে ভিসার ফি এক লাফে ৫ গুণ বাড়ছে
ভাবা যায়? জাপানে ৪৮ বছর পর ভিসার ফি বাড়লো, আর বাড়লো তো বাড়লো, একেবারে ৫ গুণ।
কী হচ্ছে?
১ জুলাই থেকে, জাপানে একবার প্রবেশের (single-entry) ভিসার জন্য এখন থেকে ৩,০০০ ইয়েনের বদলে ১৫,০০০ ইয়েন দিতে হবে। মানে প্রায় ২,৫০০ টাকা থেকে বেড়ে হয়ে যাচ্ছে প্রায় ৮,৩০০ টাকা। আর যারা একাধিকবার প্রবেশের (multiple-entry) ভিসার জন্য আবেদন করবেন, তাদের জন্য ফি ৬,০০০ ইয়েন থেকে বেড়ে ৩০,০০০ ইয়েন হয়েছে।
আমি যখন প্রথম এই খবরটা পড়ি, আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ১৯৭৮ সালের পর এই প্রথম জাপানের ভিসা ফি পরিবর্তন করা হলো। প্রায় অর্ধশতাব্দী পর এমন একটা পরিবর্তন এলো, আর সেটাও এমন বিশাল একটা লাফ দিয়ে।
কেন হঠাৎ এই পরিবর্তন?
জাপান সরকার বলছে যে তারা পশ্চিমা দেশগুলোর সাথে ফি-এর সামঞ্জস্য রাখতে চায়, আর এর মাধ্যমে নাকি একটি "কঠোর অভিবাসন ব্যবস্থা" গড়ে তুলবে। যেমন, আমেরিকায় ভিসা রিনিউ করতে প্রায় ৪২০-৪৭০ ডলার লাগে, যা জাপানি ইয়েনে প্রায় ৬৫,০০০ থেকে ৭৩,০০০। জার্মানিতে লাগে ৯৩-৯৮ ইউরো, যা প্রায় ১৫,০০০ থেকে ১৬,০০০ ইয়েন।
তাই এখন জাপানের নতুন ফি জার্মানির কাছাকাছি চলে এসেছে। জাপানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি বলেছেন যে মুদ্রাস্ফীতি এবং বিনিময় হারের পরিবর্তনের কারণে এই ফি সমন্বয় করা দরকার ছিল। তার মতে, এতে নাকি পর্যটকদের ওপর কোনো প্রভাব পড়বে না।
এর মানে কী?
আসল ভয়টা অন্য জায়গায়। গত মাসে জাপানের পার্লামেন্টে একটা আইন পাশ হয়েছে যা সরকারকে ভিসার ফি ৩০ গুণ পর্যন্ত বাড়ানোর ক্ষমতা দেয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৩০ গুণ। আজকের ৫ গুণের বৃদ্ধিটা হয়তো সেই বড় পরিবর্তনের একটা শুরু মাত্র।
এই পরিবর্তন শুধু পর্যটকদের জন্য নয়। যারা এখানে কাজ করেন, তাদের পরিবারকে আনতে চান, বা যারা পড়াশোনার জন্য আসতে চান, সবার ওপর এর প্রভাব পড়বে। সরকার বলছে পর্যটনে প্রভাব পড়বে না, কিন্তু পকেট থেকে যখন একবারে এতগুলো টাকা বেরিয়ে যাবে, তখন কি মানুষ দ্বিতীয়বার ভাববে না?
